
চট্টগ্রামের মিরসরাইয়ে নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে প্রশাসন।
উপজেলার ১নং করেরহাট ইউনিয়নের অলিনগর এলাকার মোল্লারঘাট ও চৌধুরী ঘাটে পরিচালিত এক যৌথ অভিযানে বালু উত্তোলনের বিপুল পরিমাণ সরঞ্জাম ধ্বংস ও জব্দ করা হয়েছে।
মঙ্গলবার (১৮ আগস্ট) দিনব্যাপী পরিচালিত এ সাঁড়াশি অভিযানে নেতৃত্ব দেন মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং সহকারী কমিশনার (ভূমি)।
প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা যায়, একদল অসাধু চক্র দীর্ঘদিন ধরে করেরহাটের অলিনগর মোল্লারঘাট ও চৌধুরী ঘাট এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল।
এতে হুমকির মুখে পড়েছিল স্থানীয় পরিবেশ, কৃষি জমি ও আশপাশের বসতবাড়ি। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ওই এলাকাগুলোতে ঝটিকা অভিযান চালায় উপজেলা প্রশাসন।
অভিযানকালে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত আনুমানিক ২০ হাজার ফুট প্লাস্টিক পাইপ এবং ১০টি শ্যালো মেশিন গুঁড়িয়ে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া হয়।
এছাড়া ঘটনাস্থল থেকে বিপুল পরিমাণ অবৈধভাবে উত্তোলিত বালু এবং বালু বোঝাই ১টি ট্রাক জব্দ করে অভিযান পরিচালনাকারী দল।
অভিযান শেষে উপজেলা প্রশাসনের পক্ষে জানানো হয়, ড্রেজার বা শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু তোলার কারণে নদীতীরবর্তী রক্ষা বাঁধ ও আশেপাশের এলাকার পরিবেশ মারাত্মক ঝুঁকির মুখে পড়ছে।
পরিবেশ ও স্থানীয় সর্বসাধারণের সম্পদ রক্ষায় এ ধরনের বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের এই কঠোর ও যৌথ অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
