নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে একই পরিবারের তিন সদস্য গুরুতর দগ্ধ হয়েছেন। শুক্রবার (৭ আগস্ট) সকালে তাদের উদ্ধার করে রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

দগ্ধরা হলেন—মাইদুল (২৪), তার স্ত্রী বিউটি (২৪) ও তাদের ছেলে মারুফ (৮)। তারা নারায়ণগঞ্জ সদর এলাকার বাসিন্দা। তবে ঘটনাটি সদরের কোন এলাকায় ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, মাইদুলের শরীরের ৮৫ শতাংশ, বিউটির ৮০ শতাংশ এবং মারুফের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক এবং তারা নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন।

তিনি আরও জানান, দগ্ধদের সঙ্গে কোনো স্বজন না থাকায় দুর্ঘটনাস্থলের সুনির্দিষ্ট তথ্য জানা যায়নি।

এদিকে, ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফিন বলেন, অগ্নিকাণ্ডের বিষয়ে এখনো তাদের কাছে আনুষ্ঠানিক কোনো তথ্য পৌঁছায়নি। ঘটনাস্থল শনাক্তে তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।