
বিএনপির সাবেক সংসদ সদস্য এম ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার মো. সাইফুর রহমানকে আগামী রোববার গ্রেপ্তার দেখানো হবে বলে জানিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।
প্রসিকিউশন সূত্রে জানা গেছে, এ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তাঁর প্রতিরক্ষাবিষয়ক সাবেক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানসহ আরও কয়েকজনের নাম আসামির তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।
গত ২৬ জুলাই উইং কমান্ডার সাইফুর রহমানকে হেফাজতে নেয় বাংলাদেশ বিমান বাহিনী। এর আগে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শতাধিক গুম-খুনের ঘটনায় দায়ের হওয়া মানবতাবিরোধী অপরাধের মামলায় দেওয়া এক জবানবন্দিতে ইলিয়াস আলীর গুম ও হত্যার ঘটনায় তাঁর নাম উঠে আসে বলে প্রসিকিউশন জানায়।
২০১২ সালের ১৭ এপ্রিল গভীর রাতে রাজধানীর বনানী এলাকা থেকে নিখোঁজ হন বিএনপি নেতা এম ইলিয়াস আলী ও তাঁর গাড়িচালক। এরপর থেকে বিএনপি অভিযোগ করে আসছে, তৎকালীন সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশে তাঁকে গুম করা হয়েছিল।
উল্লেখ্য, ইলিয়াস আলী টিপাইমুখ বাঁধবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক এবং এ বিষয়ে সোচ্চার রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। মামলাটি বর্তমানে তদন্ত ও বিচারিক প্রক্রিয়াধীন।
