
মার্চিং, ব্যান্ড দলের সুরের মূর্ছনা, নানাবিধ রেজিমেন্টাল ফরমেশন আর কালার গার্ডের চোখ ধাঁধানো প্রদর্শনী—সব মিলিয়ে এক সুসংহত ও সুশৃঙ্খল আবহে বন্দরনগরীতে অনুষ্ঠিত হলো চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ঐতিহ্যবাহী ‘গ্র্যান্ড মাস্টার প্যারেড’।
আজ রোববার (২ আগস্ট ২০২৬) দামপাড়াস্থ সিএমপি পুলিশ লাইন্সের প্যারেড গ্রাউন্ডে কঠোর শারীরিক কসরত ও ধারাবাহিক কুচকাওয়াজ শেষে এ জাঁকজমকপূর্ণ প্রদর্শনীর আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সালাম গ্রহণ ও প্যারেড পরিদর্শন করেন সিএমপি কমিশনার হাসান মোঃ শওকত আলী। প্যারেডে অধিনায়কের দায়িত্ব পালন করেন কোতোয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মোঃ মারেফুল করিম।
প্যারেড পরিদর্শন শেষে সিএমপি কমিশনার উপস্থিত পুলিশ সদস্যদের সুশৃঙ্খল ও চৌকস পারফরম্যান্সের জন্য আন্তরিক ধন্যবাদ জানান। একই সঙ্গে পেশাগত দায়িত্ব পালনে সর্বোচ্চ নিষ্ঠা, শৃঙ্খলা ও পেশাদারিত্ব বজায় রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন,
”জনগণকে উন্নত ও হয়রানিমুক্ত সেবা প্রদান করাই পুলিশের মূল লক্ষ্য। আধুনিক পুলিশিংয়ের নানা চ্যালেঞ্জ মোকাবিলায় কর্মকর্তা ও সদস্যদের সর্বদা প্রস্তুত থাকতে হবে।”
প্যারেডে ব্রাশ ও পারকিউশন ইনস্ট্রুমেন্টাল মিউজিশিয়ানদের অনবদ্য পরিবেশনা, কস্টিউম, ড্রিলিং এবং ক্লোজ গার্ডসহ বিভিন্ন মনোমুগ্ধকর ডিসপ্লে উপস্থিত সকলকে বিমোহিত করে।
উক্ত গ্র্যান্ড মাস্টার প্যারেডে সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
ওয়াহিদুল হক চৌধুরী — অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ)
মুহাম্মদ ফয়সাল আহম্মেদ — অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস)
হোসাইন মোহাম্মদ কবির ভূইয়া (অতিরিক্ত ডিআইজি) — অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক)
মোঃ ফেরদৌস আলী চৌধুরী, বিপিএম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) — উপ-পুলিশ কমিশনার (সদর)
নেছার উদ্দিন আহম্মেদ, পিপিএম (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) — উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক-উত্তর)
অনিন্দিতা বড়ুয়া (অতিরিক্ত ডিআইজি পদোন্নতিপ্রাপ্ত) — উপ-পুলিশ কমিশনার (ইন-সার্ভিস ট্রেনিং)
এছাড়া সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ অত্যন্ত উৎসবমুখর পরিবেশে এই প্যারেডে অংশ নেন।
