শাপলা চত্বর সমাবেশ ঘিরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত সাবেক মন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকীকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১টা ৫ মিনিটে তাঁকে ট্রাইব্যুনালে আনা হয়। পরে তাঁকে ট্রাইব্যুনালের হাজতখানায় রাখা হয়। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ তাঁকে উপস্থাপন করার কথা রয়েছে।

ট্রাইব্যুনাল প্রসিকিউশনের বক্তব্য শুনে আইন অনুযায়ী পরবর্তী আদেশ দেবেন। এর মধ্যে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হতে পারে।

শাপলা চত্বরের ঘটনায় করা মামলায় গত সোমবার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ৩১ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মামলার ১০ নম্বর আসামি হিসেবে আবদুল লতিফ সিদ্দিকীর নাম উল্লেখ করা হয়েছে। চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম অভিযোগ করেছেন, ২০১৩ সালের শাপলা চত্বরের ঘটনায় তিনি পরিকল্পনাকারীদের একজন ছিলেন।

ট্রাইব্যুনালের গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানীর গুলশান-১ এলাকার নিজ বাসা থেকে লতিফ সিদ্দিকীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ট্রাইব্যুনালে হাজির করার আগ পর্যন্ত তিনি ডিবির হেফাজতে ছিলেন।