কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে অজ্ঞাত অস্ত্রধারীদের গুলিতে জুবায়ের নামে এক রোহিঙ্গা নিহত হয়েছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার দায়িত্বে থাকা ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভোররাতে জুবায়ের নিজ বসতঘর থেকে এইচ/২৯ ব্লকের একটি মসজিদের দিকে যাওয়ার সময় ইব্রাহিম নামের এক ব্যক্তির বসতঘরের সামনে পৌঁছালে অজ্ঞাত অস্ত্রধারীরা তাকে লক্ষ্য করে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালায়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসাকেন্দ্রে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালিয়ে দুজনকে আটক করে। তদন্তের স্বার্থে তাদের পরিচয় প্রকাশ করা হয়নি।

এপিবিএনের এই কর্মকর্তা জানান, প্রাথমিক তথ্য অনুযায়ী, আরাকান রোহিঙ্গা সালভেশন আর্মি (আরসা) ও রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরএসও) অভ্যন্তরীণ বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।

ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে এপিবিএন।