বান্দরবানে আনন্দ ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন চট্টগ্রাম থেকে আসা একদল পর্যটক। বান্দরবান-কেরানিহাট সড়কের কসাই পাড়া এলাকায় পর্যটকবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের কিনারে পড়ে অন্তত ১২ জন পর্যটক আহত হয়েছেন। ঘটনার পর থেকে বাসের চালক পলাতক রয়েছে।
বুধবার (২২ জুলাই) সকালে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ৩৪ জনের একটি পর্যটক দল ‘রিল্যাক্স পরিবহন’-এর একটি এসি বাসে করে বান্দরবানে বেড়াতে আসছিল। বাসটি বান্দরবান-কেরানিহাট সড়কের কসাই পাড়া পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারায় এবং গাড়িটি পাহাড়ের ঢালে খাদে পড়ে যায়। এতে বাসে থাকা যাত্রীদের মধ্যে ১২ জন গুরুতর ও সামান্য আহত হন।
দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। খবর পেয়ে বান্দরবান থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে দুজনের শারীরিক অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহেদ পারভেজ জানান, “চট্টগ্রাম থেকে আসা পর্যটকবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পতিত হয়। ঘটনার পরপরই পুলিশ ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। বাসের চালক ঘটনার পর স্থান থেকে পালিয়ে গেছে। দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধারে পুলিশ কাজ করছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি