
রাজধানীর হাজারীবাগে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বুধবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
রাজধানীর হাজারীবাগ পার্কসংলগ্ন শাহ আলম গলির একটি মন্দিরের পাশের সড়কে মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে সাগর হোসেন বুলেট (৩০) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাগর হোসেন বুলেট হাজারীবাগের ভাগলপুর লেনের ১৫ নম্বর এলাকার বাসিন্দা শাহাদাত হোসেনের ছেলে। তিনি সম্প্রতি একটি পরিবহনে হেলপার হিসেবে কাজ করছিলেন।
আহত সাগরকে হাসপাতালে নেওয়া অটোরিকশাচালক ইব্রাহিম জানান, রাতের কাজ শেষে গ্যারেজে যাওয়ার পথে শাহ আলম গলির মন্দিরের পাশে এক যুবককে রক্তাক্ত ও অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তার মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। পরে স্থানীয় এক ব্যক্তির সহায়তায় জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে দ্রুত হাসপাতালে পাঠানোর নির্দেশ দেয়। রাত আড়াইটার দিকে তাকে ঢামেক হাসপাতালে নেওয়া হয়।
নিহতের ভাই শাওন জানান, পুলিশ ও স্থানীয়দের মাধ্যমে তারা ঘটনার খবর পান। কে বা কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে, সে বিষয়ে পরিবারের সদস্যরা কিছুই জানেন না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকদের বরাত দিয়ে জানান, চিকিৎসাধীন অবস্থায় সাগরের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।
