
ঢাকার ইসিবি চত্বর এলাকা থেকে রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।
সোমবার (২০ জুলাই) পল্লবী থানায় দায়ের করা একটি ওয়ারেন্টভুক্ত মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়। পুলিশ জানিয়েছে, ইসিবি চত্বর থেকে সাহেদকে আটক করার পর পল্লবী থানার মামলায় আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।
উল্লেখ্য, ২০২০ সালে করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের মাধ্যমে ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন সাহেদ। ওই ঘটনায় র্যাব রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া পরীক্ষার রিপোর্ট জব্দ করে। পরে তার বিরুদ্ধে প্রতারণাসহ বিভিন্ন অভিযোগে মামলা হয় এবং তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাও হয়। ওই মামলায় নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দিলেও পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় বিভিন্ন পরিবর্তন আসে।
বর্তমানে সাহেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অস্ত্র ও অর্থপাচারসহ একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানা গেছে।