চট্টগ্রাম জেলা পরিষদকে সুশাসন, স্বচ্ছতা ও শতভাগ জবাবদিহিতার মডেলে পরিণত করার ঘোষণা দিয়েছেন নবনিযুক্ত প্রশাসক মো. মাহবুবের রহমান শামীম। সাফ জানিয়ে দিয়েছেন, জনগণের আমানত রক্ষা ও সেবা নিশ্চিত করার ক্ষেত্রে ‘দুর্নীতির সাথে কোনো আপস’ করা হবে না।
আজ সোমবার (২০ জুলাই) সকালে চট্টগ্রাম জেলা পরিষদের সম্মেলন কক্ষে কর্মকর্তা-কর্মচারীদের সাথে আয়োজিত প্রথম পরিচিতি সভায় তিনি এই কঠোর বার্তা দেন।
দীর্ঘ প্রায় ৩৭ বছরের রাজনৈতিক অভিজ্ঞতার কথা স্মরণ করে শামীম বলেন, “অতীতে বিভিন্ন প্রতিষ্ঠানে যে দুর্নীতির সংস্কৃতি গড়ে উঠেছিল, তা ভাঙার সময় এসেছে। সততা ও নিষ্ঠাই হবে এই পরিষদের প্রধান চালিকাশক্তি। কাজের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা স্বজনপ্রীতি বরদাশত করা হবে না।”
কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে তিনি একাধারে যেমন কঠোরতার হুঁশিয়ারি দেন, তেমনি একটি সহাবস্থানমূলক কর্মপরিবেশের আশ্বাস দিয়ে বলেন, “আপনারা অভিজ্ঞ, আমি চাই আপনারা কাজ করার স্বাধীনতা পান। কোনো ভয় বা বাধা ছাড়া সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন। একটি স্বচ্ছ ও স্বাচ্ছন্দ্যময় কর্মপরিবেশ আমরা সবাই মিলে গড়ে তুলব।”
চট্টগ্রামের বিশাল এলাকার তুলনায় জেলা পরিষদের বাজেট অপ্রতুল—এ বিষয়টি উল্লেখ করে নতুন প্রশাসক জানান, চট্টগ্রাম নগর ও জেলার সামগ্রিক উন্নয়নের স্বার্থে বরাদ্দ বাড়াতে তিনি কাজ করবেন। এ লক্ষ্যে খুব শিগগিরই সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সাথে বৈঠক করবেন বলে আশা প্রকাশ করেন তিনি। পাশাপাশি, ভবিষ্যৎ জনপ্রতিনিধিদের সাথে সমন্বয়ের মাধ্যমে জনবান্ধব উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতির কথাও জানান।
উল্লেখ্য, গতকাল রবিবার (১৯ জুলাই) স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন মাহবুবের রহমান শামীম।
আজকের এই মতবিনিময় ও পরিচিতি সভায় জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা চৌধুরী রওশন ইসলাম, নির্বাহী কর্মকর্তা খন্দকার ইখতেখার উদ্দীন আরফাত, ভারপ্রাপ্ত সহকারী প্রকৌশলী মো. এসএম খালেদ উদ্দীন জামান এবং প্রশাসনিক কর্মকর্তা মো. আনিছ উদ্দীন ভূঞাসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
জাহাঙ্গীর আলম বিশেষ প্রতিনিধি
