
ঢাকা, ১৫ জুলাই: প্রতিকূল আবহাওয়ার কারণে চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার কোনো বিষয়ে অংশ নিতে না পারা পরীক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের ঘোষণা দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার জাতীয় সংসদে তিনি বলেন, যেসব পরীক্ষার্থী বৈরী আবহাওয়ার কারণে পরীক্ষায় অংশ নিতে পারেনি, তারা চট্টগ্রাম শিক্ষা বোর্ডে স্থগিত হওয়া সংশ্লিষ্ট বিষয়ের অভিন্ন প্রশ্নে, মন্ত্রণালয় নির্ধারিত একই তারিখ ও সময়ে পরীক্ষায় অংশ নিতে পারবে।
শিক্ষামন্ত্রী জানান, ভারী বর্ষণ ও প্রতিকূল আবহাওয়ার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীন চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানে কয়েকটি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এছাড়া দেশের বিভিন্ন জেলার কিছু পরীক্ষার্থীও একই কারণে নির্ধারিত পরীক্ষায় অংশ নিতে পারেনি।
তিনি বলেন, এইচএসসি পরীক্ষা শিক্ষার্থীদের জীবনের গুরুত্বপূর্ণ একটি ধাপ। তাই বিশেষ বিবেচনায় পরীক্ষায় অংশ নিতে না পারা শিক্ষার্থীদের জন্য এ সুযোগ দেওয়া হয়েছে।