টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে খাগড়াছড়ির পানছড়িতে সৃষ্টি হওয়া আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মানবিক সহায়তার অংশ হিসেবে ৩ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে বন্যাকবলিত দুর্গত এলাকায় জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
জানা গেছে, বন্যার পানি নেমে গেলেও পানছড়ির বিস্তীর্ণ এলাকার বহু পরিবার বর্তমানে চরম খাদ্য ও বিশুদ্ধ পানির সংকটে ভুগছেন। ক্ষতিগ্রস্ত এসব মানুষের কষ্ট লাঘবে ৩ বিজিবির একটি বিশেষ দল দুর্গত এলাকায় পৌঁছে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় শুকনো ও ওয়ান-টাইম খাবার।
ত্রাণ বিতরণকালে বিজিবির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা জানান, সীমান্ত সুরক্ষার পাশাপাশি যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়াতে বিজিবি সবসময় প্রতিশ্রুতিবদ্ধ। পানছড়ির বন্যাকবলিত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিজিবির এই মানবিক ও সেবামূলক কার্যক্রম এবং নজরদারি অব্যাহত থাকবে।
হঠাৎ এই দুর্যোগে বিজিবির কাছ থেকে জরুরি খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার ক্ষতিগ্রস্ত অসহায় মানুষ।