রাজধানীর যাত্রাবাড়ীর দনিয়া এলাকায় এক বৃদ্ধা নারীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ জুলাই) দুপুরে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, শনিবার বিকেল সাড়ে ৫টা থেকে রাত ৭টার মধ্যে দনিয়া কলেজ এলাকার অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন সাততলা ভবনের পশ্চিম পাশের ফ্ল্যাটে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহতের গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
ওসি বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডে কারা জড়িত এবং এর পেছনের কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।
ঘটনাটি ডাকাতি বা লুটপাটের সঙ্গে সংশ্লিষ্ট কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বাসাটি এলোমেলো অবস্থায় পাওয়া গেছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত সুনির্দিষ্টভাবে কিছু বলা সম্ভব নয়। বিভিন্ন দিক বিবেচনায় নিয়ে তদন্ত চলছে এবং পুলিশের একাধিক দল কাজ করছে। এ ছাড়া সিআইডির ফরেনসিক টিম ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে।
পুলিশের একটি সূত্র জানায়, নিহত সাহিদা বেগম যাত্রাবাড়ীর দনিয়া এলাকার অনাবিল হাসপাতাল রোডের একটি নির্মাণাধীন ভবনের সপ্তম তলার পশ্চিম পাশের ফ্ল্যাটে ভাড়া থাকতেন। প্রাথমিক তথ্যে জানা গেছে, দুর্বৃত্তরা বাসায় ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে হত্যা করে। একই সঙ্গে বাসায় থাকা স্বর্ণের দুই জোড়া কানের দুল, একটি গলার চেইন ও প্রায় পাঁচ হাজার টাকা নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে এ বিষয়ে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।
নিহত সাহিদা বেগমের গ্রামের বাড়ি কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার সীতলাই গ্রামে। তিনি মৃত শফিকুল ইসলাম সরকারের স্ত্রী।