দেশের প্রধান নদ-নদীগুলোর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন জেলায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল এবং দেশের অভ্যন্তরে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী কয়েকদিন এ পরিস্থিতি অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত কেন্দ্রটির পূর্বাভাসে বলা হয়, দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বর্তমানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নীলফামারী ও লালমনিরহাট জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চল ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
পূর্বাভাসে আরও বলা হয়, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদী বন্যা পরিস্থিতির আরও অবনতি হতে পারে।
এছাড়া দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য অববাহিকার বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ি জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলেও সাময়িক বন্যা পরিস্থিতি সৃষ্টি হতে পারে। একই সঙ্গে উপকূলীয় জেলা লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলও অস্থায়ীভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতির ওপর সতর্ক দৃষ্টি রাখার এবং স্থানীয় প্রশাসনের নির্দেশনা অনুসরণের আহ্বান জানিয়েছে।