দুই বছরের বেশি সময়ের প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন বলিউড অভিনেতা আমির খান ও তার সঙ্গী গৌরী স্প্র্যাট।
রোববার (৫ জুলাই) মুম্বাইয়ের বান্দ্রায় আমির খানের নিজ বাসভবনে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্য এবং তাদের আগের সংসারের সন্তানরা উপস্থিত ছিলেন।
আমির খানের মুখপাত্র গণমাধ্যমে তাদের বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, আমির খান ও গৌরী স্প্র্যাটের পরিচয় প্রায় ২৫ বছর আগে হলেও ২০২৪ সালে নতুন করে তাদের যোগাযোগ শুরু হয়। পরে সম্পর্কটি ঘনিষ্ঠতায় রূপ নেয়। গত বছর নিজের ৬০তম জন্মদিনে আমির প্রথমবারের মতো গৌরীকে নিজের সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দেন।
গৌরী স্প্র্যাট আগে একটি হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশন্সের সঙ্গে যুক্ত আছেন। বিয়ের আগে তারা দীর্ঘদিন ধরে মুম্বাইয়ের বান্দ্রার বাসভবনে একসঙ্গে বসবাস করছিলেন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। এর আগে ১৯৮৬ সালে তিনি রীনা দত্তকে বিয়ে করেন। তাদের সংসারে দুই সন্তান জুনাইদ ও ইরা। ২০০২ সালে বিচ্ছেদের পর ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন আমির। তাদের সন্তান আজাদের জন্ম হয় ২০১১ সালে। ২০২১ সালে কিরণের সঙ্গেও তার বিবাহবিচ্ছেদ হয়।
তবে বিচ্ছেদের পরও সন্তানদের লালন-পালন ও পেশাগত ক্ষেত্রে রীনা দত্ত এবং কিরণ রাওয়ের সঙ্গে আমির খানের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ রয়েছে।