ঢাকা
০৫ জুলাই ২০২৬

আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

বাংলাদেশ মিডিয়া প্রতিবেদক
শনিবার, ০৪ জুলাই ২০২৬   ১৪ বার পঠিত
আঞ্চলিক বাণিজ্যের কেন্দ্র হিসেবে গড়ে উঠবে চট্টগ্রাম: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, চট্টগ্রামকে দেশের প্রধান লজিস্টিক ও অর্থনৈতিক হাবে পরিণত করতে সরকার ব্যাপক মহাপরিকল্পনা বাস্তবায়ন করছে। বন্দর, বিমানবন্দর, ফ্রি জোন, অর্থনৈতিক অঞ্চল ও রেল অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে চট্টগ্রামকে আঞ্চলিক বাণিজ্য ও বিনিয়োগের অন্যতম কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।

শনিবার (৪ জুলাই) সকালে চট্টগ্রাম সফরকালে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী জানান, দেশের প্রতিটি অঞ্চলের সম্ভাবনাকে বিবেচনায় রেখেই বাজেট প্রণয়ন করা হয়েছে। ভৌগোলিক ও কৌশলগত অবস্থানের কারণে চট্টগ্রামের অর্থনৈতিক সম্ভাবনা অনেক বেশি। এ সম্ভাবনাকে কাজে লাগাতে সরকারের উন্নয়ন পরিকল্পনায় চট্টগ্রামকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।

তিনি জানান, কর্ণফুলী নদীর ওপারে প্রায় ৬০০ একর জমিতে আধুনিক ফ্রি জোন প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নতুন বন্দর নির্মাণ, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরকে কার্গো ও যাত্রী পরিবহনের আধুনিক হাবে উন্নীতকরণ এবং বিনিয়োগ বাড়াতে বিশেষায়িত চাইনিজ ইকোনমিক জোন প্রতিষ্ঠার পরিকল্পনা রয়েছে।

রেল অবকাঠামোর উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা-চট্টগ্রাম রেলপথের লাকসাম অংশের উন্নয়ন কাজ শেষ হলে দুই শহরের মধ্যে ট্রেন চলাচলের সময় প্রায় দুই ঘণ্টা কমে আসবে। এতে পণ্য পরিবহন ও বাণিজ্য আরও গতিশীল হবে। এছাড়া মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দরকে ঘিরে গড়ে ওঠা অর্থনৈতিক কার্যক্রম চট্টগ্রামকেন্দ্রিক অর্থনৈতিক করিডরকে আরও শক্তিশালী করবে।

বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ সম্পর্কে মন্ত্রী বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার হিসেবে পেয়েছে। এর সঙ্গে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির বৈশ্বিক প্রভাবও যুক্ত হয়েছে। তবে সরকারের অগ্রাধিকার হচ্ছে দ্রুত অর্থনীতিকে স্থিতিশীল করা এবং পর্যায়ক্রমে সংস্কারের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করা।

তিনি আশা প্রকাশ করেন, সরকারের তৃতীয় ও চতুর্থ বছর থেকে অর্থনৈতিক সংস্কারের ইতিবাচক ফল দৃশ্যমান হবে এবং বাংলাদেশ ধীরে ধীরে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতির লক্ষ্যের দিকে এগিয়ে যাবে।

বিদেশি বিনিয়োগ প্রসঙ্গে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী বলেন, বাংলাদেশ বর্তমানে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে একটি সম্ভাবনাময় গন্তব্য। দেশে প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই), পুঁজিবাজারে বিনিয়োগ এবং বিভিন্ন আন্তর্জাতিক তহবিল ব্যবস্থাপকদের আগ্রহ বাড়ছে। তাই বিদেশি বিনিয়োগ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।

Facebook Comments Box
আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa