
স্বামী আশফাকুর রহমান রবিনের জন্মদিন উপলক্ষে ভালোবাসায় ভরা শুভেচ্ছা জানিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী পূর্ণিমা। বিশেষ এই দিনে একগুচ্ছ ছবি প্রকাশ করে স্বামীর প্রতি নিজের অনুভূতি ও কৃতজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে পূর্ণিমা লিখেছেন, “প্রিয় স্বামী, তোমাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তুমি আমার শক্তি, আমার মানসিক শান্তি এবং আমার আপন নীড়।”
জীবনসঙ্গীর প্রতি ভালোবাসা প্রকাশ করে অভিনেত্রী আরও লিখেছেন, “সবসময় আমার পাশে থাকার জন্য তোমাকে ধন্যবাদ। আমি প্রার্থনা করি, নতুন বছরটি তোমার জীবনে সুখ, সুস্বাস্থ্য এবং তোমার মনের সব ইচ্ছা পূরণ করুক। তোমাকে সবসময় অনেক ভালোবাসি।”
প্রসঙ্গত, পূর্ণিমা ২০০৭ সালের ৪ নভেম্বর পারিবারিকভাবে আহমেদ জামাল ফাহাদকে বিয়ে করেন। ২০১৪ সালের ১৩ এপ্রিল তিনি কন্যাসন্তানের মা হন। তাঁর মেয়ের নাম আরশিয়া উমাইজা।
তবে ২০২২ সালে আগের সংসারের বিচ্ছেদের খবর প্রকাশ করেন এই অভিনেত্রী। এরপর একই বছর আশফাকুর রহমান রবিনের সঙ্গে নতুন জীবনে পা রাখেন পূর্ণিমা। বর্তমানে স্বামীকে নিয়ে সুখে সংসার করছেন এই অভিনেত্রী।