উখিয়া সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬ | ১০:১২ অপরাহ্ণ

উখিয়া সীমান্তে আবারও মাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন
apps

বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত সংলগ্ন উখিয়ার পালংখালী এলাকায় স্থলমাইন বিস্ফোরণে মো. ইউনুছ (২৫) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বুধবার (১৫ এপ্রিল) সকাল সাড়ে ৯টার দিকে সীমান্তরেখার অদূরে মিয়ানমারের অভ্যন্তরে চাকমাকাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​আহত ইউনুছ উখিয়ার ক্যাম্প-১৯-এর ব্লক ডি/২-এর বাসিন্দা। বিস্ফোরণে তার ডান পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বুধবার সকালে সীমান্তের কাছাকাছি মিয়ানমারের চাকমাকাটা এলাকায় আকস্মিক বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় ইউনুছকে উদ্ধার করেন। তাকে প্রথমে কুতুপালং এমএসএফ হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার দ্রুত অবনতি হওয়ায় কর্তব্যরত চিকিৎসকরা তাকে কক্সবাজার সদর হাসপাতালে স্থানান্তর করেন।

​কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. শান্তনু ঘোষ জানান, বিস্ফোরণে ভুক্তভোগীর ডান পায়ের গোড়ালি সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। তার শারীরিক অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে চিকিৎসা প্রদান করা হচ্ছে।

​উল্লেখ্য, এটিই প্রথম ঘটনা নয়। এর আগে গত শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে একই এলাকায় স্থলমাইন বিস্ফোরণে মো. সাদেক (২৫) নামে বালুখালী ক্যাম্প-১০-এর আরেক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছিলেন।

​পরপর দুইবার সীমান্তে মাইন বিস্ফোরণের ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। সীমান্ত এলাকায় চলাচলকারী সাধারণ মানুষ ও আশ্রয়শিবিরের বাসিন্দাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

Development by: webnewsdesign.com