চট্টগ্রামের আনোয়ারায় লিলি আকতার (২৮) নামে এক গৃহবধূকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ উঠেছে শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুরে উপজেলার বৈরাগ ইউনিয়নের দক্ষিণ বন্দর এলাকার বোচা তালুকদারের বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত লিলি ওই এলাকার মৃত লোকমান আলীর ছেলে মো. মহিউদ্দিনের স্ত্রী। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্বামী মো. মহিউদ্দিনকে (৩৫) আটক করেছে পুলিশ।
নিহতের ছোট ভাই মোহাম্মদ পারভেজ উদ্দিন শাহ্ অভিযোগ করেন, বিয়ের পর থেকেই শাশুড়ি ও ননদ লিলিকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করতেন। ঘটনার আগের রাতেও স্বামী মহিউদ্দিন তাঁকে মারধর করেন এবং ফোনের মাধ্যমে হত্যার হুমকি দেন। সকালে শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা করেছেন বলে প্রচার চালালেও, স্বজনরা একে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করছেন। তাঁরা জানান, নিহতের মরদেহ বিছানায় পড়ে ছিল, অথচ ঝুলন্ত অবস্থায় পাওয়ার দাবি করছে শ্বশুরবাড়ির লোকজন।
অন্যদিকে, গৃহবধূর শাশুড়ি ও সাবেক ইউপি সদস্য রেজিয়া সুলতানা এবং স্বামী মহিউদ্দিনের দাবি, রাতে পারিবারিক কলহের জেরে লিলি আত্মহত্যা করেছেন। মহিউদ্দিন জানান, বসবাসের জায়গা নিয়ে বিরোধের জেরে নতুন বাসা ভাড়া নেওয়া হয়েছিল এবং আজ সেখানে ওঠার কথা ছিল। কিন্তু সকালে নিজ কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়।
কর্ণফুলী থানার বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আবদুল্লাহ্ আল নোমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনূর আলম বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে এবং সেই অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
