চট্টগ্রামের লোহাগাড়ায় শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে এক মাদরাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের আলুরঘাট রোড সংলগ্ন ‘নিশান প্লাজা’ নামের একটি ভবনের পঞ্চম তলা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষক সিলেটের হবিগঞ্জ জেলার কদুপাড়া গ্রামের ছালেহ আহমদের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আলুরঘাট রোডের টিএন্ডটি অফিসের পশ্চিম পাশে ওই ভবনের একটি ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘তালিমুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসা’ পরিচালিত হয়ে আসছিল। ওই ফ্ল্যাটের একটি কক্ষে শিক্ষক শিব্বির আহমেদ হাসান সপরিবারে বসবাস করতেন।
নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, তার স্বামী মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি প্রতিষ্ঠানের আর্থিক হিসাব-নিকাশের দায়িত্বে ছিলেন। রবিবার রাতে মাদরাসার পরিচালনা কমিটির সদস্যরা প্রতিষ্ঠানের তহবিল সংক্রান্ত হিসাব চাইলে তিনি কিছু টাকা খরচের কথা স্বীকার করেন এবং তা পরিশোধের জন্য সময় প্রার্থনা করেন।
অভিযোগ রয়েছে, এরপর কমিটির সদস্যরা শিক্ষক ও তার স্ত্রীকে একটি কক্ষে আটকে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে চলে যান। রাত আনুমানিক ২টার দিকে তারা তালাবদ্ধ অবস্থায় ঘুমিয়ে পড়েন।
সোমবার সকালে ঘুম থেকে উঠে স্ত্রীকে বিছানায় স্বামীকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অন্য একটি কক্ষে তাকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।
এদিকে, ওই শিক্ষক অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। আর্থিক লেনদেন নিয়ে কমিটির সাথে বিরোধ ও অনলাইন জুয়ার সম্পৃক্ততার বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
এ বিষয়ে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হচ্ছে। এটি হত্যা নাকি আত্মহত্যা, তা নিশ্চিত হতে এবং ঘটনার নেপথ্যে থাকা প্রকৃত কারণ উদ্ঘাটনে পুলিশি তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
