কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতি ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর কালিয়াচাম এলাকায় দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ সড়ক বেহাল অবস্থায় পড়ে রয়েছে| হাইওয়ে সংযোগস্থল থেকে আলমগীর মিয়ার বাড়ি পর্যন্ত প্রায় ১.৫ কিলোমিটার সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় চরম ভোগান্তিতে পড়েছেন এলাকাবাসী।
জানা গেছে, গত ০৫ মার্চ ২০২৬ তারিখে এলাকাবাসীর পক্ষে মোঃ মামুন ভূইয়া লিখিতভাবে স্থানীয় সরকার প্রকৌশলী অধিদপ্তর কুলিয়ারচর, কিশোরগঞ্জ বরাবর সড়কটি পাকাকরণ ও আইডি অন্তর্ভুক্তির জন্য আবেদন করেন| তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও এখন পর্যন্ত এ বিষয়ে কোনো দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিন প্রায় পাঁচ হাজার মানুষ এই সড়ক দিয়ে যাতায়াত করে| এলাকায় ৭৩ নং সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ মসজিদ, মাদ্রাসা ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থাকায় শিক্ষার্থী ও সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
এলাকাবাসীর অভিযোগ, বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি কাদাময় ও ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে| ফলে গর্ভবতী নারী ও অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়া অত্যন্ত কষ্টকর হয়ে পড়ে এবং জরুরি চিকিৎসাসেবা পাওয়াও ব্যাহত হচ্ছে| পাশাপাশি স্কুল-কলেজগামী শিক্ষার্থীদের নিয়মিত যাতায়াত প্রায় অসম্ভব হয়ে দাঁড়িয়েছে।
আবেদনে দ্রুত সড়কটি পাকাকরণ ও এলজিইডির আওতায় অন্তর্ভুক্তির দাবি জানানো হলেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এলাকাবাসীর দাবি, দ্রুত সময়ের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর উদ্যোগ গ্রহণ করে সড়কটি সংস্কার করলে জনদুর্ভোগ লাঘব হবে এবং এলাকার সার্বিক যোগাযোগ ব্যবস্থার উন্নতি ঘটবে।
