চট্টগ্রামে সন্ধ্যা ৭টার পর মেলা ও আলোকসজ্জা নিষিদ্ধ

মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬ | ১১:২৩ অপরাহ্ণ

চট্টগ্রামে সন্ধ্যা ৭টার পর মেলা ও আলোকসজ্জা নিষিদ্ধ
apps

বন্দরনগরী চট্টগ্রামসহ পুরো জেলায় মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং শপিংমলের আলোকসজ্জার ওপর নতুন সময়সীমা নির্ধারণ করেছে জেলা প্রশাসন। এখন থেকে সব ধরনের মেলা, বাণিজ্য মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিলবোর্ডের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে অবশ্যই বন্ধ করতে হবে।

​সোমবার (৬ এপ্রিল) চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক আদেশে এই নির্দেশনা জারি করা হয়। জনস্বার্থে এবং বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে সরকারের উচ্চপর্যায়ের সিদ্ধান্তের প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানা গেছে।

​জেলা প্রশাসনের জারি করা অফিস আদেশ অনুযায়ী, চট্টগ্রাম জেলার সব উপজেলা ও মহানগরে অবস্থিত:
​শপিংমল ও বিপণিবিতান: সব ধরনের মার্কেট ও দোকানপাট সন্ধ্যা ৭টা পর্যন্ত খোলা রাখা যাবে।
​মেলা ও বিনোদন: চলমান বা অনুষ্ঠেয় সকল মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যা ৭টার মধ্যে সমাপ্ত করতে হবে।

​বিলবোর্ড বা বিজ্ঞাপনের কাজে ব্যবহৃত সব ধরনের বাতি সন্ধ্যা ৭টার মধ্যে বাধ্যতামূলকভাবে বন্ধ করতে হবে।

​আদেশে উল্লেখ করা হয়, গত ৪ এপ্রিল মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেশের বিভিন্ন ব্যবসায়িক সংগঠনের প্রতিনিধিদের এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। ওই সভার সিদ্ধান্তের আলোকেই চট্টগ্রামে এই বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

​জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, এই আদেশ অমান্যকারী ব্যক্তি বা ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে বিদ্যমান বিধি মোতাবেক কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আদেশ বাস্তবায়নে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Development by: webnewsdesign.com