সীতাকুণ্ডে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ড্রেজারসহ আটক ৫

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬ | ৮:৩৪ অপরাহ্ণ

সীতাকুণ্ডে নৌবাহিনী ও কোস্ট গার্ডের ঝটিকা অভিযান, ড্রেজারসহ আটক ৫
apps

চট্টগ্রামের সীতাকুণ্ড উপকূলে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব বন্ধে বড় ধরনের অভিযান পরিচালনা করেছে প্রশাসন। বন্দর কর্তৃপক্ষ, কোস্ট গার্ড ও নৌবাহিনীর সমন্বিত এই অভিযানে ৫টি বালু উত্তোলনের ড্রেজারসহ ৫ জনকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
​গতকাল রবিবার (৫ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার কুমিরা ও বাঁশবাড়িয়া উপকূলীয় এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।

​কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, সীতাকুণ্ডের কুমিরা ও বাঁশবাড়িয়া সমুদ্র তীরবর্তী এলাকায় দীর্ঘ দিন ধরে একটি চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এতে উপকূলীয় ফসলি জমি ও জানমাল হুমকির মুখে পড়ে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল কোস্ট গার্ড স্টেশন ভাটিয়ারি, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও নৌ পুলিশের সমন্বয়ে ওই এলাকায় ঝটিকা অভিযান চালানো হয়। অভিযানে বালু উত্তোলনরত অবস্থায় ৫টি ড্রেজার জব্দ এবং এর সাথে জড়িত ৫ জনকে হাতেনাতে আটক করা হয়।

​সোমবার (৬ এপ্রিল) দুপুরে অভিযানের বিষয়টি নিশ্চিত করে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, আটকের পর চট্টগ্রাম বন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে মালিকপক্ষকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে ভবিষ্যতে এমন কাজ করবে না মর্মে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়।

​স্থানীয়রা জানান, বালুখেকোদের বেপরোয়া কর্মকাণ্ডে উপকূলীয় এলাকায় ভাঙন আতঙ্ক দেখা দিয়েছিল। প্রশাসনের এমন কঠোর অবস্থানে জনমনে স্বস্তি ফিরেছে। কোস্ট গার্ড জানিয়েছে, ফসলি জমি ও উপকূলীয় আবাসস্থল রক্ষায় অবৈধ বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে তাদের এ ধরণের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Development by: webnewsdesign.com