রাষ্ট্রের শীর্ষ ব্যক্তিদের নাম ব্যবহার করে প্রতারণা, চাঁদাবাজি এবং চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে রিয়াদ বিন সেলিম নামে এক প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দিবাগত রাত ২টায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রিয়াদ দীর্ঘদিন ধরে নিজেকে প্রভাবশালী হিসেবে জাহির করে আসছিলেন। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে নানা বিভ্রান্তিকর সরঞ্জাম। এর মধ্যে রয়েছে:
​তার ছবি সংবলিত ‘CSF Chairperson’s Security Force’ লেখা ভুয়া আইডি কার্ড (ID No-013)।
​একটি মেটাল ডিটেক্টর ও চার্জারসহ ওয়াকিটকি হ্যান্ডসেট।
​একটি সিগন্যাল লাইট ও মনিটরিং সেল কার্ড।
​ওয়াকিটকি সদৃশ্য একটি বিশেষ মোবাইল ফোন এবং একটি বাটন মোবাইল সেট।

তদন্ত সংশ্লিষ্টরা জানান, রিয়াদ তার ফেসবুক প্রোফাইলে সরকারের শীর্ষ ব্যক্তিবর্গ ও মন্ত্রীদের সাথে নিজের ঘনিষ্ঠতার ছবি পোস্ট করতেন। তবে প্রাথমিক তদন্তে দেখা গেছে, ছবিগুলো মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। এছাড়া তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল শাখার ভুয়া পরিচয়পত্র ব্যবহার করে বিভিন্ন মহলে তদবির বাণিজ্য চালাতেন।

​তদন্তে উঠে আসা পুলিশের মোবাইল ফোন বিশ্লেষণে আরও ভয়াবহ সব জালিয়াতির প্রমাণ মিলেছে:
১. জামিন বাণিজ্য: কামরুল হাসান নামের এক কারাবন্দি আসামিকে জামিন করিয়ে দেওয়ার কথা বলে তার স্ত্রীর কাছ থেকে ২ লাখ ১৫ হাজার ৩০০ টাকা হাতিয়ে নেন রিয়াদ।
২. চাকরির প্রলোভন: চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ট্যাক্স ইন্সপেক্টর, কন্ট্রোল ও সার্ভার ইনচার্জসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে একাধিক ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ আত্মসাৎ করেছেন তিনি।
৩. অন্যান্য: ভুয়া পার্সেল ডেলিভারির তথ্য দিয়ে অবৈধভাবে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

পুলিশ জানায়, ধূর্ত এই প্রতারকের বিরুদ্ধে ধর্ষণ এবং মাদকসহ একাধিক মামলা আগে থেকেই রয়েছে। সর্বশেষ এই প্রতারণার ঘটনায় তার বিরুদ্ধে নতুন করে মামলা দায়ের করা হয়েছে। আজ (রোববার) তাকে সংশ্লিষ্ট আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে বলে জানা গেছে।