খাগড়াছড়ি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল কর্মকর্তা

শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬ | ৮:৫০ অপরাহ্ণ

খাগড়াছড়ি রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহকর্মীর হামলায় মেডিকেল কর্মকর্তা
apps

খাগড়াছড়ির রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে না-দাবী সনদ (এনওসি) সংক্রান্ত বিরোধের জেরে এক উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগ উঠেছে তারই এক সহকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী কর্মকর্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​আহত কর্মকর্তার নাম মো. শফিকুল ইসলাম। তিনি ওই স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল কর্মকর্তা এবং জরুরি বিভাগের ইনচার্জ হিসেবে কর্মরত। অভিযুক্ত বিজয় মজুমদার একই হাসপাতালের তার সহকর্মী।

হাসপাতাল ও অভিযোগ সূত্রে জানা গেছে, এলপিসি (লাস্ট পে সার্টিফিকেট) ও সরকারি মালামাল বুঝিয়ে দেওয়া সংক্রান্ত বিষয় নিয়ে দুইজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বিজয় মজুমদার ক্ষিপ্ত হয়ে টেবিলের ওপর থাকা একটি ভারী কাঠের স্কেল দিয়ে শফিকুল ইসলামের মাথায় সজোরে আঘাত করেন। এতে শফিকুল ইসলামের মাথা ফেটে রক্তাক্ত জখম হয়। তাৎক্ষণিকভাবে সহকর্মীরা তাকে উদ্ধার করে ওই হাসপাতালেই জরুরি চিকিৎসা প্রদান করেন।

আহত শফিকুল ইসলাম জানান, ‘সরকারি নিয়ম অনুযায়ী মালামাল বুঝিয়ে দিতে বলায় বিজয় মজুমদার আমার ওপর অতর্কিত হামলা চালায়। আমাকে হত্যার উদ্দেশ্যেই মাথায় আঘাত করা হয়েছে। আমি রাতেই থানায় লিখিত অভিযোগ দিয়েছি এবং এর সুষ্ঠু বিচার চাই।’

এদিকে অভিযুক্ত বিজয় মজুমদার হামলার বিষয়টি স্বীকার করলেও একে ‘অসাবধানতাবশত দুর্ঘটনা’ বলে দাবি করেছেন। তিনি বলেন, বিষয়টি নিজেদের মধ্যে সমাধানের চেষ্টা চলছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম অভিযোগ প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

​উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বি এম মোজাম্মেল হক জানান, বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। হাসপাতালের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় এবং সরকারি কাজে বিঘ্ন ঘটানোয় যথাযথ পদক্ষেপ নেওয়া হচ্ছে।

​এ ঘটনায় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। তারা কর্মস্থলে নিরাপত্তা ও দোষী ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

Development by: webnewsdesign.com