খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার যোগ্যাছোলা ইউনিয়নের ভোলাইয়াপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে তাসলিমা আক্তার (৩০) নামের এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে নিজ ঘর থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইব্রাহীম খলিলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

​স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে পারিবারিক নানা বিষয় নিয়ে তাসলিমা আক্তারের সঙ্গে তাঁর স্বামী ইব্রাহীম খলিলের বাগ্‌বিতণ্ডা হয়। এর প্রায় এক ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে ঘরের সিলিং বিমের সঙ্গে তাসলিমাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় তাঁর শিশু সন্তানরা। সন্তানদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাঁকে উদ্ধার করে দ্রুত মানিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

​নিহতের মা ফাতেমা বেগম ও বাবা আবদুর রহিম অভিযোগ করে বলেন, “পারিবারিক কলহের জেরে ইব্রাহীম খলিল আমাদের মেয়েকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রেখেছে। আমরা এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।”

মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল আমিন জানান, সকাল সাড়ে ১০টার দিকে হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় ফাঁসের চিহ্ন পাওয়া গেছে। তিনি আরও বলেন, “বিষয়টি বর্তমানে আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে স্বামী ইব্রাহীম খলিলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।