চট্টগ্রামের সীতাকুণ্ডে জ্বালানি তেলের অবৈধ মজুত ও তথ্যে গড়মিল পাওয়ায় একটি ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২৮ মার্চ) বিকেলে উপজেলার ভাটিয়ারী এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং অবৈধ মজুতদারি রোধে গত শুক্রবার থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে বিশেষ মনিটরিং কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় শনিবার বিকেলে ভাটিয়ারী ফিলিং স্টেশনে অভিযান চালায় প্রশাসন। এসময় পাম্পের কাগজে-কলমে থাকা মজুতের হিসাবের সাথে বাস্তব মজুতের ব্যাপক অসঙ্গতি ধরা পড়ে। তথ্য গোপন করে তেল মজুত রাখার অপরাধে পাম্প কর্তৃপক্ষকে নগদ ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম জানান, “জ্বালানি তেলের কৃত্রিম সংকট তৈরি বা কোনো ধরনের অনিয়ম রুখতে আমাদের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে। নজরদারি আরও কঠোর করতে সীতাকুণ্ডের প্রতিটি ফিলিং স্টেশনে ইতোমধ্যে একজন করে ‘ট্যাগ অফিসার’ নিয়োগ দেওয়া হয়েছে।”
জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে প্রশাসনের এই কঠোর অবস্থানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় সাধারণ পরিবহন চালক ও গ্রাহকরা।
