
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে সিলেট মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ১০টায় পুলিশ লাইন্স হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএম।
আলোচনা সভায় স্বাধীনতা ও জাতীয় দিবসের তাৎপর্য, বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাস, স্বাধীনতা সংগ্রামের গুরুত্ব এবং বীর শহীদদের অসামান্য অবদান নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, বাংলাদেশের স্বাধীনতা হঠাৎ করে অর্জিত হয়নি; দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম এবং লাখো শহীদের আত্মত্যাগের বিনিময়ে এ স্বাধীনতা অর্জিত হয়েছে। তারা স্মরণ করিয়ে দেন, ১৯৭১ সালে সর্বপ্রথম রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স থেকেই পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সশস্ত্র প্রতিরোধ গড়ে ওঠে, যেখানে অনেক পুলিশ সদস্য শহীদ হন।
সভাপতির বক্তব্যে পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেন, “আজকের এই স্বাধীন বাংলাদেশ একদিনে গড়ে ওঠেনি। অসংখ্য শহীদের রক্ত, ত্যাগ-তিতিক্ষা এবং সংগ্রামের মধ্য দিয়েই আমরা এ দেশ পেয়েছি।” তিনি দেশপ্রেম, দায়িত্ববোধ ও কৃতজ্ঞতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের কল্যাণে কাজ করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। পাশাপাশি তিনি মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ রিয়াজুল কবির পিএসসি, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক, অতিরিক্ত দায়িত্বে সদর ও প্রশাসন) সুদীপ্ত রায়, উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি) মোঃ আফজাল হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি, অতিরিক্ত দায়িত্বে ডিসি-ডিবি) সাহাদত হোসেনসহ সিলেট মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও সহকারী পুলিশ কমিশনার, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং অন্যান্য কর্মকর্তা ও ফোর্স সদস্যরা উপস্থিত ছিলেন।
