রাঙামাটি-চট্টগ্রাম জাতীয় মহাসড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে অন্তত ১৯ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং গুরুতর অবস্থায় একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) প্রেরণ করা হয়েছে।

​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুর্ঘটনার শিকার বাসটি রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রামের উদ্দেশে ছেড়ে আসছিল। বাসে থাকা যাত্রীরা মূলত ঈদের ছুটি শেষে কর্মস্থলে (চট্টগ্রামের বিভিন্ন গার্মেন্টস) ফিরছিলেন। পথিমধ্যে সাপছড়ি এলাকায় পৌঁছালে বাসটি যান্ত্রিক ত্রুটির কারণে ‘ব্রেকফেল’ করে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। দুর্ঘটনার সময় বাসটিতে আনুমানিক ৪০ থেকে ৪৫ জন যাত্রী ছিলেন।

​ ঘটনার পরপরই স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধার কাজে এগিয়ে আসেন। পরবর্তীতে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠান।

​রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. শওকত আকবর খান জানান, “হাসপাতালে মোট ১৯ জনকে আহত অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে ১২ জনকে এখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।”

​রাঙামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতির কার্যকরী সভাপতি ও জেলা রেড ক্রিসেন্টের সেক্রেটারি সাইফুল ইসলাম শাকিল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বাসটি গার্মেন্টস কর্মীদের নিয়ে রিজার্ভ ট্রিপ হিসেবে যাচ্ছিল। যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক তথ্যে জানা গেছে।