চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে চারটি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের হাজিগাঁও গ্রামের নুরুজ্জামান সওদাগরের বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতির দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। আগুনে দুটি গবাদি পশু মারা গেলেও অলৌকিকভাবে অক্ষত রয়েছে একটি পবিত্র কুরআন শরীফ, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, সকালে রান্নাঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। ঘরগুলোতে কেউ না থাকায় কোনো প্রাণহানি না ঘটলেও আসবাবপত্র, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ সবকিছু ভস্মীভূত হয়। খবর পেয়ে আনোয়ারা ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে রাস্তা সরু হওয়ায় একটি পানিবাহী গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হয়।
আগুনে সর্বস্ব হারানোরা হলেন— শারীরিক প্রতিবন্ধী মো. শাহেদ, তার দুই ভাই নুর আমিন ও নুর আজিজ এবং মো. হান্নান। ক্ষতিগ্রস্ত শাহেদ বলেন, “আগুনের তীব্রতা দেখে আমি হতভম্ব হয়ে পড়ি। প্রতিবেশীরা আমাকে বের করে আনলেও ঘরের কোনো মালামাল বাঁচাতে পারিনি।”
কৃষক মো. হান্নান জানান, তিনি মাঠে কাজ করার সময় আগুনের খবর পান। এসে দেখেন তার তিল তিল করে জমানো সব শেষ। নুর আজিজের স্ত্রী সুমি আক্তার বিলাপ করতে করতে বলেন, “ঈদের জন্য বাচ্চাদের নতুন কাপড় কিনেছিলাম, তাও বের করতে পারিনি। এখন পরনের কাপড়টাও মানুষের দেওয়া।”
এদিকে আগুনের লেলিহান শিখায় ঘরের আসবাবপত্র ও চালের টিন পুড়ে কয়লা হয়ে গেলেও ঘরের ভেতর থাকা পবিত্র কুরআন শরীফটি অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এই দৃশ্য দেখে উপস্থিত এলাকাবাসীর মধ্যে বিস্ময় ও আবেগের সৃষ্টি হয়।
আনোয়ারা ফায়ার সার্ভিসের সাব-অফিসার মো. আবদুল্লাহ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে রান্নাঘর থেকেই আগুনের সূত্রপাত। সরু রাস্তার কারণে আমাদের বড় গাড়ি প্রবেশে কিছুটা সমস্যা হয়েছে। তদন্ত সাপেক্ষে ক্ষয়ক্ষতির প্রকৃত পরিমাণ নিশ্চিত করা যাবে।
