পার্বত্য জেলা রাঙামাটিতে আবাসন সংকটে থাকা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সোমবার (১৬ মার্চ) সকালে রাঙামাটি রিজিয়ন ও জুরাছড়ি জোনের যৌথ উদ্যোগে উপজেলার ২০টি গৃহহীন পরিবারকে নবনির্মিত ঘর হস্তান্তর করা হয়েছে। একইসাথে পাঁচটি জরাজীর্ণ ঘর সংস্কার এবং শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
রাঙামাটি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকারভোগীদের হাতে ঘরের চাবি ও উপহার সামগ্রী তুলে দেন। সেনাবাহিনীর ৩০৫ পদাতিক ব্রিগেডের তত্ত্বাবধানে জুরাছড়ি জোন (২ বীর) এই মানবিক প্রকল্পটি বাস্তবায়ন করে।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক বলেন, “পার্বত্য অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়ন ও জীবনমান বৃদ্ধিতে সেনাবাহিনী সবসময় সচেষ্ট। এ অঞ্চলের শিক্ষা ও অবকাঠামোগত উন্নয়ন হলে আগামী প্রজন্ম দেশের সম্পদে পরিণত হবে।” তিনি আরও উল্লেখ করেন, শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সেনাবাহিনী কাজ করছে, তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক হলে তারা মূল দায়িত্ব পুলিশের হাতে ন্যস্ত করে সীমান্ত সুরক্ষায় মনোনিবেশ করতে চায়।
নতুন ঘর পেয়ে জুরাছড়ি উপজেলার অসহায় পরিবারগুলোর মাঝে আনন্দের জোয়ার বইছে। অনুষ্ঠানে জুরাছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রাশেদ হাসান সেজানসহ স্থানীয় হেডম্যান, কার্বারি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Development by: webnewsdesign.com