চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে শারজাহ থেকে আসা দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ৪২৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস কর্তৃপক্ষ। রোববার (১৫ মার্চ) রাতে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমসের যৌথ অভিযানে এসব সিগারেট উদ্ধার করা হয়।

​বিমানবন্দর সূত্রে জানা গেছে, শারজাহ থেকে এয়ার আরাবিয়ার একটি ফ্লাইটে আসা দুই যাত্রী—বাঁশখালীর হাসান মিয়া ও চকরিয়ার মোহাম্মদ ইব্রাহিমুল করিমের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের চ্যালেঞ্জ করা হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাদের সাথে থাকা ব্যাগেজ তল্লাশি করলে বিপুল পরিমাণ এই অবৈধ সিগারেট পাওয়া যায়। উদ্ধারকৃত সিগারেটের আনুমানিক বাজারমূল্য প্রায় ৮ লাখ ৫৮ হাজার টাকা।

সিগারেটগুলো চট্টগ্রাম কাস্টমস হাউসের হেফাজতে রাখা হয়েছে। ​বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহিম খলিল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জব্দকৃত পণ্যগুলো ডিএম মূলে কাস্টমস হেফাজতে নেওয়া হয়েছে। আটক দুই যাত্রীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কাস্টমস ইন্টেলিজেন্স ও বিমানবন্দর কাস্টমস শাখা মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দিয়েছে।