চট্টগ্রাম নগরের পতেঙ্গা এলাকায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জহিরুল ইসলামের বিরুদ্ধে। আজ শনিবার (১৪ মার্চ) বিকেলে দক্ষিণ পতেঙ্গার দক্ষিণ পাড়া মাদ্রাসা গেট এলাকায় এ ঘটনা ঘটে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের পর নিজের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন অভিযুক্ত জহিরুল।

​নিহত গৃহবধূর নাম হালিমা আক্তার (৩০)। তিনি আব্দুল মান্নান ও নুর নাহারের কন্যা। অভিযুক্ত জহিরুল ইসলামের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর এলাকায় হলেও তিনি সপরিবারে পতেঙ্গার ৪১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় বসবাস করতেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘ দিন ধরে ওই দম্পতির মধ্যে আর্থিক অনটন নিয়ে বিরোধ চলছিল। শনিবার দুপুর দেড়টার দিকে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে জহিরুল উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে হালিমাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ঘটনার তদন্তকারী কর্মকর্তা ও পতেঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রফিকুল ইসলাম জানান, হত্যার পর অভিযুক্ত জহিরুল ইসলাম পালিয়ে না গিয়ে তার ছোট সন্তানকে সাথে নিয়ে সরাসরি থানায় হাজির হন এবং দায় স্বীকার করে আত্মসমর্পণ করেন।

​পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।