মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমিয়ে কৃষকের উৎপাদিত পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের সাশ্রয়ী মূল্যে তাজা সবজি পৌঁছে দিতে চট্টগ্রামের সাতকানিয়ায় চালু হয়েছে ‘কৃষকের বাজার’। উপজেলা প্রশাসনের এই বিশেষ উদ্যোগে কৃষকেরা কোনো মাধ্যম ছাড়াই সরাসরি তাদের পণ্য সাধারণ মানুষের কাছে বিক্রি করার সুযোগ পাচ্ছেন।
শুক্রবার (১৩ মার্চ) সকালে সাতকানিয়া মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই বাজারের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।
উদ্বোধনী বক্তব্যে প্রধান অতিথি বলেন, “কৃষক আমাদের অর্থনীতির প্রাণ। কিন্তু মাঠ থেকে বাজার পর্যন্ত পণ্য পৌঁছাতে গিয়ে মধ্যস্বত্বভোগীদের কারণে কৃষকরা ঠকে যাচ্ছেন, আবার ভোক্তারাও অতিরিক্ত দামে পণ্য কিনছেন। এই সংকট কাটাতে ‘কৃষকের বাজার’ একটি কার্যকর সমাধান। এখানে কৃষক পাবেন সঠিক দাম আর ক্রেতারা পাবেন টাটকা কৃষিপণ্য।”
উপজেলা প্রশাসনের এই উদ্যোগে কারিগরি ও মাঠপর্যায়ে সহযোগিতা দিচ্ছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও মৎস্য অধিদপ্তর। মূলত নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখা এবং স্থানীয় উৎপাদনকারীদের উৎসাহিত করাই এই প্রকল্পের লক্ষ্য।
“বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনাই আমাদের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে পরীক্ষামূলকভাবে এই বাজার চালু করা হয়েছে। কৃষকদের সাড়া এবং সুবিধামতো ভবিষ্যতে স্থায়ী বা উপযুক্ত স্থানে নিয়মিতভাবে এই বাজার পরিচালনার পরিকল্পনা রয়েছে আমাদের।”
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হোসেন, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি তারেক হোসাইন এবং উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শুম্ভু নাথসহ কৃষি ও মৎস্য দপ্তরের বিভিন্ন স্তরের কর্মকর্তারা।
