দেশি পাঞ্জাবি ‘ভারতীয়’ বলে বিক্রি: ‘রাজস্থান’কে ১লাখ টাকা জরিমানা

শনিবার, ০৭ মার্চ ২০২৬ | ৮:২২ অপরাহ্ণ

দেশি পাঞ্জাবি ‘ভারতীয়’ বলে বিক্রি: ‘রাজস্থান’কে ১লাখ টাকা জরিমানা
apps

দেশি পাঞ্জাবিতে ভারতীয় ট্যাগ লাগিয়ে চড়া দামে বিক্রির দায়ে চট্টগ্রামের টেরিবাজারে ‘রাজস্থান’ নামে একটি নামি পোশাক ব্র্যান্ডকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। শনিবার (৭ মার্চ) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই জালিয়াতি ধরা পড়ে।

নগরের কোতোয়ালী থানাধীন টেরিবাজার এলাকায় নিয়মিত তদারকি কার্যক্রম চলাকালে ‘রাজস্থান’ শো-রুমে তল্লাশি চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এসময় দেখা যায়, একই পাঞ্জাবিতে বাংলাদেশি এবং ভারতীয়—দুই ধরনের আলাদা প্রাইস ট্যাগ লাগানো রয়েছে। মূলত বাংলাদেশে তৈরি সাধারণ পাঞ্জাবিকে ভারতীয় পণ্য হিসেবে চালিয়ে দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত মূল্য হাতিয়ে নিচ্ছিল প্রতিষ্ঠানটি।

​জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক ফয়েজ উল্লাহ গণমাধ্যমকে বলেন, “তদন্তে আমরা নিশ্চিত হয়েছি যে, বাংলাদেশে তৈরি পণ্যকে ভারতীয় দাবি করে তারা প্রতারণা করছিল। এটি সরাসরি ভোক্তা অধিকার আইনের লঙ্ঘন। এ ধরনের জালিয়াতির অপরাধে দোকান মালিককে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।”

​তিনি আরও জানান, জরিমানার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনৈতিক ও প্রতারণামূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য প্রতিষ্ঠানটিকে কঠোরভাবে সতর্ক করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Development by: webnewsdesign.com