চট্টগ্রাম রাউজানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনতার গণপিটুনি, যুবদলকর্মী হাসপাতালে

সোমবার, ০২ মার্চ ২০২৬ | ১০:৩১ অপরাহ্ণ

চট্টগ্রাম রাউজানে চাঁদাবাজিতে অতিষ্ঠ জনতার গণপিটুনি, যুবদলকর্মী হাসপাতালে
apps

চট্টগ্রামের রাউজানে চাঁদাবাজি ও জননিপীড়নের অভিযোগে মো. আমান উল্লাহ (৩০) নামে এক যুবদলকর্মীকে গণপিটুনি দিয়েছে বিক্ষুব্ধ জনতা। সোমবার (২ মার্চ) বিকেলে উপজেলার ডাবুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাদাগাজী বাড়ি সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে।

​আমান উল্লাহ ওই এলাকার মো. শাহ আলমের ছেলে। বর্তমানে তিনি আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, আমান উল্লাহ পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক হলেও গত ৫ আগস্টের পটপরিবর্তনের পর নিজেকে যুবদল নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। স্থানীয়দের অভিযোগ, দলীয় পরিচয়ে তিনি এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। সাধারণ মানুষকে হয়রানি, চাঁদাবাজি, মারধর এবং অটোরিকশায় অগ্নিসংযোগের মতো একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোমবার বিকেলে এলাকাবাসী তাকে ঘেরাও করে গণপিটুনি দেয়।

​খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ৮টায় তাকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

​রাউজান থানার সেকেন্ড অফিসার আবদুল্লাহ আল মামুন জানান, “স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি আমান উল্লাহ একজন চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত এবং মানুষের কাছে চাঁদা দাবি করতেন। স্থানীয় চেয়ারম্যানের ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে।”

পুলিশ আরও জানায়, আমান উল্লাহর বিরুদ্ধে চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধে রাউজান থানায় একাধিক অভিযোগ রয়েছে।

Development by: webnewsdesign.com