বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত

সোমবার, ০২ মার্চ ২০২৬ | ৮:১৮ অপরাহ্ণ

বাহরাইনে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় সন্দ্বীপের প্রবাসী নিহত
apps

মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় মো. তারেক (৪৮) নামে এক বাংলাদেশি রেমিট্যান্স যোদ্ধা নিহত হয়েছেন। নিহত তারেক চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজিমপুর ইউনিয়নের আজিমপুর পাহাড় এলাকার গো মসজিদ বাড়ির বাসিন্দা। একই ঘটনায় নাজিম (৪৫) নামে আরও এক সন্দ্বীপী শ্রমিক গুরুত্বর আহত হয়েছেন।

​নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডকে (শিপইয়ার্ড) ডিউটিরত অবস্থায় এই হামলার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ডক সংলগ্ন এলাকায় অবস্থিত একটি মার্কিন নৌঘাঁটি লক্ষ্য করে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বাহরাইনের প্রতিরক্ষা ব্যবস্থা একটি ক্ষেপণাস্ত্রকে আকাশেই ধ্বংস করলে, সেটির একটি বড় টুকরো সরাসরি তারেকের ওপর এসে পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

​নিহতের মামাতো ভাই এবং চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের পরিচালক মোশাররফ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মো. তারেক প্রায় ২৭ বছর ধরে বাহরাইনে কর্মরত ছিলেন। তিনি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। তার মৃত্যুতে এলাকায় এবং পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। বর্তমানে তারেকের একমাত্র কন্যা সন্তান একাদশ শ্রেণিতে অধ্যয়নরত।

​অন্যদিকে, হামলায় আহত নাজিম বর্তমানে স্থানীয় একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত তারেকের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য সরকারের সহযোগিতা কামনা করেছেন শোকসন্তপ্ত পরিবার ও এলাকাবাসী।

Development by: webnewsdesign.com