চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ১০ বোতল বিয়ার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (২২ ফেব্রুয়ারি) রাতে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) এর আওতাধীন পানুয়াছড়া বিওপি’র একটি টহল দল এই অভিযান পরিচালনা করে।
বিজিবি সূত্রে জানা যায়, নিয়মিত টহলের সময় পানুয়াছড়া সীমান্ত এলাকায় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করেন। এসময় ওই চোরাকারবারী বিজিবির উপস্থিতি টের পেয়ে একটি ব্যাগ ফেলে দ্রুত পালিয়ে যায়। পরবর্তীতে ব্যাগটি তল্লাশি করে ১০ বোতল বিয়ার উদ্ধার করা হয়।
রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সহকারী পরিচালক সামশুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে সীমান্তে চোরাচালান ও যেকোনো অবৈধ কার্যক্রম প্রতিরোধে বিজিবির এ ধরনের কঠোর অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত বিয়ার পরবর্তীতে ধ্বংসের জন্য সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হবে।
