চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, নতুন বাংলাদেশে কোনো প্রকার সন্ত্রাস, চাঁদাবাজি বা সিন্ডিকেটের স্থান হবে না। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, “যে অপরাধ করবে, সে শুধু অপরাধী। তার অন্য কোনো পরিচয় নেই।”

​সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রামের বোয়ালখালী থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসক বলেন, দেশের মানুষ পরিবর্তন চায়। গত ২০ বছরের পুরোনো ধারায় দেশ আর চলবে না। নিরাপদ সমাজ গড়তে সেই বৃত্ত থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে।

​থানা পরিদর্শনের পাশাপাশি জেলা প্রশাসক ওইদিন স্থানীয় সুবর্ণ নাগরিকদের মাঝে কার্ড, ট্রাই-সাইকেল, বাই-সাইকেল এবং সুদমুক্ত ক্ষুদ্রঋণ বিতরণ করেন। পরে তিনি উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন।

​এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমানসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।