ব্রাহ্মণবাড়িয়ার পৃথক দুই অভিযানে ৮৬ কেজি গাঁজা উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯। এ সময় দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার ভোর ও সকালে জেলার বিজয়নগর ও সদর উপজেলায় অভিযান চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।

র‌্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভোর আনুমানিক ২টা ৫০ মিনিটে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে অভিযান চালানো হয়। এ সময় আলী আকবর (৫২) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে মাটির নিচে পুঁতে রাখা চারটি প্লাস্টিকের ড্রামের ভেতর থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার আলী আকবর নলগড়িয়া গ্রামের মৃত শহিদুল ইসলাম (সুদ মিয়া)–এর ছেলে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‌্যাব।

এ ছাড়া সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুলতানপুর এলাকায় আরেকটি অভিযান চালানো হয়। সেখান থেকে ১০ কেজি গাঁজাসহ কাওছার মিয়া (৩৫) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। তিনি আখাউড়া উপজেলার আহমেদাবাদ এলাকার বাসিন্দা।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮–এর সংশ্লিষ্ট ধারায় মামলা করে তাঁদের ব্রাহ্মণবাড়িয়ার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে সংস্থাটি।