চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত গাড়িচালক ইলিয়াস তালুকদারকে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ফকিরা মসজিদ এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

​শুক্রবার (২০ ফেব্রুয়ারি) গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীনুর আলম।

পুলিশ জানায়, শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই সামিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ফকিরা মসজিদ এলাকার তালুকদার বাড়িতে অভিযান পরিচালনা করে। গ্রেফতারকৃত ইলিয়াস তালুকদার ওই এলাকার মরহুম সালেহ আহমেদের ছেলে। তিনি দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

উল্লেখ্য যে, কয়েক মাস আগে ইলিয়াস তালুকদারের বাড়িতে ঝটিকা অভিযান চালিয়েছিল দুদক। সেই অভিযানে তার হেফাজত থেকে ২৩ বস্তা গুরুত্বপূর্ণ নথিপত্র জব্দ করা হয়। দুদকের দাবি অনুযায়ী, ওইসব নথিতে সাবেক ভূমিমন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিদেশে অবৈধ সম্পদ অর্জন, বিপুল পরিমাণ অর্থপাচার এবং বিভিন্ন ব্যবসায়িক লেনদেনের চাঞ্চল্যকর তথ্য রয়েছে।

কর্ণফুলী থানার ওসি মো. শাহীনুর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দীর্ঘ প্রতীক্ষিত এই গ্রেফতার অভিযান সফল হয়েছে। উদ্ধারকৃত নথিগুলো বর্তমানে যাচাই-বাছাই করা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী তাকে আদালতে সোপর্দ করা হবে।

​সংশ্লিষ্টদের ধারণা, ইলিয়াস তালুকদারকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে সাবেক ভূমিমন্ত্রীর পরিবারের অর্থপাচার ও বিদেশে সম্পদের পাহাড় গড়ার নেপথ্যে থাকা আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে।