রাজনীতিতে ধৈর্য আর জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে যে সাফল্যের শিখরে পৌঁছানো যায়, তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন নুরুল আমিন। মীরসরাই উপজেলার ওসমানপুর ইউনিয়নের একজন সাধারণ মেম্বার (ইউপি সদস্য) থেকে শুরু করে তিনি আজ জাতীয় সংসদের সদস্য (এমপি)।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনে ধানের শীষ প্রতীক নিয়ে বিশাল ব্যবধানে জয়ী হয়ে তিনি এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।

​নুরুল আমিনের এই সাফল্য কোনো আকস্মিক ঘটনা নয়, বরং দীর্ঘ প্রায় তিন দশকের নিরবচ্ছিন্ন রাজনৈতিক সংগ্রামের ফসল। ​১৯৯৮ সালে মীরসরাইয়ের ওসমানপুর ইউনিয়নের মেম্বার হিসেবে প্রথমবার জনপ্রতিনিধি নির্বাচিত হন।

​২০০৩ – ২০১১ টানা দুই মেয়াদে একই ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। ​২০১৪ সালে দলীয় মনোনয়নে মীরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে জাতীয় রাজনীতির নজরে আসেন।

দীর্ঘ অপেক্ষার পর এই নির্বাচনে তিনি ১ লাখ ২৮ হাজার ৭৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী ছাইফুর রহমানকে ৪৬ হাজার ৪১৮ ভোটের বিশাল ব্যবধানে পরাজিত করেন।

​স্থানীয় নেতাকর্মীদের মতে, বিগত বছরগুলোতে অসংখ্য রাজনৈতিক মামলা ও হামলা সহ্য করেও নুরুল আমিন মাঠ ছাড়েননি। বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজি বলেন, “নুরুল আমিন তৃণমূল থেকে উঠে আসা নেতা। তিনি কর্মীদের নিজ সন্তানের মতো আগলে রেখেছেন। একজন মেম্বার থেকে আজ তিনি এমপি, এটি দেশের রাজনীতিতে বিরল ঘটনা।”

​জয়ের পর এক প্রতিক্রিয়ায় নুরুল আমিন বলেন: ​”মীরসরাইয়ের মানুষ ভালোবেসে আমাকে মেম্বার থেকে আজ এমপি বানিয়েছে। এই বিজয় আমার একার নয়, এটি মীরসরাইয়ের আপামর জনতার জয়। আমরা এমন এক মীরসরাই গড়ব যেখানে পরাজিতরাও নিরাপদ থাকবে।”

​তিনি তার ওপর আস্থা রাখার জন্য দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এলাকার টেকসই উন্নয়নের প্রতিশ্রুতি দেন।