চট্টগ্রামের রাউজানে আবারও গভীর রাতে দুর্বৃত্তদের দেয়া আগুনে পুড়েছে হিন্দু সম্প্রদায়ের দুটি বসতঘর। গত কয়েক দিনের ব্যবধানে একই কায়দায় বারবার অগ্নিসংযোগের ঘটনায় এলাকায় তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোররাতে রাউজান পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পশ্চিম সুলতানপুর গ্রামে এই ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, ক্ষতিগ্রস্ত ঘর দুটির মালিক প্রবাসী সুখ শীল ও দিনমজুর অনিল শীল। ঘটনার সময় দুটি ঘরের সাতটি কক্ষে দুই পরিবারের মোট আটজন সদস্য ঘুমিয়ে ছিলেন। ভোর পৌনে চারটার দিকে আগুনের তাপে তাদের ঘুম ভেঙে যায়। বাসিন্দারা ঘর থেকে বের হতে চাইলে দেখেন, বাইরের দিক থেকে দরজার হুক লাগানো। কোনো উপায় না পেয়ে বাঁশ ও টিনের বেড়া কেটে পরিবারের সদস্যরা কোনোমতে প্রাণ রক্ষা করেন।

​অগ্নিকাণ্ডে প্রবাসী মিঠুন শীলের পাসপোর্ট, নগদ প্রায় ৯০ হাজার টাকা এবং আসবাবপত্রসহ মূল্যবান মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মিঠুন শীল আক্ষেপ করে বলেন, “তিন মাস আগে বিয়ে করে দেশে এসেছি। এখন আমার পাসপোর্টসহ সব সম্বল শেষ। আমাদের মারার উদ্দেশ্যেই দরজায় হুক লাগিয়ে আগুন দেওয়া হয়েছিল।”

​খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রাহাতুল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) অংছিং মারমা। প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে তাৎক্ষণিকভাবে ২৫ কেজি চাল, ৫ হাজার টাকা এবং কম্বল প্রদান করা হয়। ইউএনও জানান, ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

​রাউজানে একই কায়দায় অগ্নিকাণ্ডের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে গত শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতে ৮ নম্বর ওয়ার্ডের ঢেউয়াপাড়া গ্রামে এবং তার আগের দিন সদর ইউনিয়নের কেউটিয়া বড়ুয়াপাড়া গ্রামে একইভাবে বসতঘরে আগুন দেওয়া হয়েছিল। বারবার একই ঘটনার পুনরাবৃত্তিতে স্থানীয় সংখ্যালঘুদের মধ্যে চরম নিরাপত্তাহীনতা কাজ করছে।

​রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন, “খবর পাওয়ামাত্র পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। দুর্বৃত্তরা সুপরিকল্পিতভাবে বাইরে থেকে দরজা আটকে আগুন দিয়েছে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।”