ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবের সাহসী কণ্ঠস্বর শরিফ ওসমান হাদি হত্যার প্রতিবাদে চট্টগ্রামে কফিন মিছিল করেছে ‘জুলাই ঐক্য’। শুক্রবার (১৯ ডিসেম্বর) জুমার নামাজ শেষে বন্দরনগরীর আন্দরকিল্লা ও জামালখান এলাকা ছাত্র-জনতার গগণবিদারী স্লোগান ও প্রতিবাদী মিছিলে উত্তাল হয়ে ওঠে।
জুমার নামাজ শেষে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বর থেকে মিছিলটি শুরু হয়। মিছিলে অংশগ্রহণকারীরা কফিনের আদলে তৈরি একটি কাঠামোকে লাল-সবুজ পতাকায় জড়িয়ে কাঁধে করে বহন করেন, যা উপস্থিত জনতাকে আবেগাপ্লুত করে তোলে।
মিছিলটি নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে জামালখান মোড়ে এসে শেষ হয়। এ সময় আন্দোলনকারীরা ‘হাদির রক্ত বৃথা যেতে দেব না’, ‘খুনিদের ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা—ঢাকা, ঢাকা’ এবং ‘আমরা সবাই হাদি হবো, বুক চিতিয়ে লড়ে যাবো’—এমন সব তীব্র প্রতিবাদী স্লোগান দিতে থাকেন।
মিছিল শেষে জামালখান মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জুলাই ঐক্যের নেতৃবৃন্দ ও স্থানীয় ছাত্র-জনতা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, “শরীফ ওসমান হাদি ছিলেন ভারতীয় আধিপত্যবাদবিরোধী আন্দোলনের এক আপসহীন সেনানি। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যাতে বিপ্লবের কণ্ঠ স্তব্ধ করে দেওয়া যায়। কিন্তু খুনিরা জানে না, এক হাদিকে মেরে তারা ঘরে ঘরে হাজারো হাদি তৈরি করেছে।”
বক্তারা আরও উল্লেখ করেন, হাদি কেবল একজন সংগঠক ছিলেন না, তিনি ছিলেন গণমানুষের ও নিপীড়িতদের নির্ভীক প্রতিনিধি। তার ওপর চালানো এই কাপুরুষোচিত হামলার এক সপ্তাহ পেরিয়ে গেলেও বিচারিক প্রক্রিয়ায় দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন তারা।
সমাবেশ থেকে বক্তারা দেশপ্রেমিক জনতা ও আগামীর প্রজন্মকে আধিপত্যবাদী শক্তির বিরুদ্ধে সচেতন ও সোচ্চার হওয়ার আহ্বান জানান। তারা বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং হাদির মতো বিপ্লবীদের রক্তের মর্যাদা দিতে হলে প্রতিটি নাগরিককে রাজপথে অতন্দ্র প্রহরী হতে হবে। সমাবেশ থেকে অবিলম্বে হাদির খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়, অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।
