উপকূলীয় জীবন-জীবিকা, পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়কে কেন্দ্র করে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় পোস্টার কম্পিটিশন ২০২৫।
এই প্রতিযোগিতার অংশ হিসেবে ১৩ ডিসেম্বর ঢাকায় নির্বাচিত পোস্টারগুলোর চূড়ান্ত প্রেজেন্টেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের গবেষণাভিত্তিক ধারণা ও প্রস্তাব জুরি বোর্ড ও আমন্ত্রিত অতিথিদের সামনে উপস্থাপন করেন।
এবারের পোস্টার কম্পিটিশনে প্রথম রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করেন বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী—নেভাল আর্কিটেকচার অ্যান্ড অফশোর ইঞ্জিনিয়ারিং বিভাগের নাদিয়া সুলতানা এবং ওশানোগ্রাফি অ্যান্ড হাইড্রোগ্রাফি বিভাগের রনিত কুমার রায়। তাদের উপস্থাপিত পোস্টার ‘সোয়াচ অফ নো গ্রাউন্ড: হিমালয় আর্কাইভ এবং সিটাসিয়ান অভয়ারণ্য সংরক্ষণ’ শীর্ষক গবেষণা ও বিশ্লেষণ জুরি বোর্ডের প্রশংসা অর্জন করে।
প্রতিযোগিতা সম্পর্কে মেরিটাইম ইউনিভার্সিটির শিক্ষার্থী নাদিয়া সুলতানা বলেন, “সোয়াচ অফ নো গ্রাউন্ড সামুদ্রিক জীববৈচিত্র্যের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ, যা ব্লু ইকোনোমি সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত। এই জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রকৃতিনির্ভর উদ্ভাবনের কাজ ও ভাবনার সুযোগ করে দেওয়ার জন্য জাতীয় উপকূলীয় কনভেনশন ২০২৫-এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই।”
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন নির্বাচিত হয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর প্রতিনিধিত্বকারী দল।
অনুষ্ঠানে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানসহ উপকূলীয় অঞ্চল ও পরিবেশ নিয়ে কাজ করা দেশের বিভিন্ন খ্যাতনামা গবেষক, নীতিনির্ধারক এবং সংশ্লিষ্ট ক্ষেত্রের মান্যগণ্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আয়োজকদের মতে, জাতীয় কোস্টাল কনভেনশন ২০২৫-এর এই পোস্টার কম্পিটিশন তরুণ গবেষকদের জন্য একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করেছে, যা উপকূলীয় বাংলাদেশের টেকসই ও সহনশীল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
