রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বনবিভাগের কার্যালয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। প্রসীত বিকাশ খীসার নেতৃত্বাধীন পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট)-এর সশস্ত্র সন্ত্রাসীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলায় আশরাফুল আলম নামে এক বনরক্ষী মারাত্মকভাবে আহত হয়েছেন এবং তাকে অপহরণেরও চেষ্টা চালানো হয়। এছাড়াও বনবিভাগের গুরুত্বপূর্ণ নথি নষ্ট ও একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।

​জানা যায়, রবিবার (১৪ ডিসেম্বর) সাজেকের মাচালং একুইজ্জাছড়ি এলাকায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে বনবিভাগের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করতে যায় বনবিভাগের কর্মীরা। অভিযোগ, এ সময় ইউপিডিএফ নেতা সচিব চাকমার নেতৃত্বে ইউপিডিএফ ও হিল উইমেন্স ফেডারেশনের (এইচডব্লিউএফ) কর্মীরা লাঠিসোঁটা নিয়ে বনবিভাগের কর্মীদের ওপর আক্রমণ করে।

​বনবিভাগের কর্মীদের ওপর হামলার পর সন্ত্রাসীরা মাচালং বাজারে বনবিভাগের কার্যালয়ে চড়াও হয় এবং ভাঙচুর ও লুটপাট চালায়। হামলা চলাকালে ইউপিডিএফ সন্ত্রাসীরা বনরক্ষী আশরাফুল আলমকে অপহরণের চেষ্টা করে।
​খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সেনাবাহিনী ইউপিডিএফের অপহরণের হাত থেকে বনরক্ষী আশরাফুল আলমকে উদ্ধার করে এবং তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়।

​কার্যালয়ে হামলা চালানোর পর ইউপিডিএফ ও এইচডব্লিউএফ কর্মীরা গাছ কেটে সাজেক সড়কে যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয়। এর ফলে সাজেকে বেড়াতে আসা শত শত পর্যটক এবং সাজেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অতুলাল চাকমার মেয়ের বিয়ের অনুষ্ঠানে আসা অতিথিরা আটকে পড়েন।

​সেনাবাহিনী সড়ক থেকে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করতে গেলে এইচডব্লিউএফ কর্মীরা সেনাবাহিনীর সাথে অনাকাঙ্ক্ষিত ব্যবহার করে উত্তেজনা সৃষ্টি করার চেষ্টা করে। পাশাপাশি, ইউপিডিএফ পরিচালিত সহ বিভিন্ন মাধ্যমে সেনাবাহিনীকে জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা অপকাণ্ড ছড়ানোর অভিযোগ উঠেছে। সেনাবাহিনী শান্তভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সড়ক স্বাভাবিক করে।

​সাজেক বন বিভাগের কর্মকর্তারা জানান, আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইউপিডিএফ স্কুলের নামে বনের জমি দখল করে বারবার অবৈধ স্থাপনা নির্মাণ করছে। আজ (রবিবার) বাধা দিতে গেলে তারা হামলা চালায় এবং কার্যালয় ভাঙচুর করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

​সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অতুলাল চাকমা ঘটনাটিকে দুঃখজনক উল্লেখ করে বলেন, “এখানে বহিরাগত লোকজন এসে এই ঘটনা ঘটিয়েছে। মামলা হলে প্রশাসন আইনগত পদক্ষেপ নিবে।”

​সাজেক থানার ওসি জানিয়েছেন, মামলা দায়ের হলে পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।