আগামী নির্বাচন বানচালের লক্ষ্যে নাশকতার প্রস্তুতির অভিযোগে খাগড়াছড়িতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের তিন নেতাকে আটক করেছে পুলিশ। ‘অপারেশন ডেভিল হান্ট ফেইজ-২’-এর অংশ হিসেবে জেলা ডিবি পুলিশ ও সদর থানা পুলিশের যৌথ অভিযানে শনিবার (১৩ ডিসেম্বর) রাতে তাদের আটক করা হয়।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কায় কিসলু এবং জেলা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মেজবাহ উদ্দিনের নেতৃত্বে সদর উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

আটক ব্যক্তিরা হলেন, বোরখান উদ্দিন চৌধুরী, জেলা যুবলীগের ১ নম্বর সদস্য। তাকে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে আটক করা হয় এবং হাবিবুর রহমান হাবিব, জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা। তাকে শান্তিনগর এলাকা থেকে গ্রেফতার করা হয়। মো. রুবেল, পৌর যুবলীগ নেতা। তাকে কুমিল্লা টিলা এলাকা থেকে আটক করা হয়।

সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু জানান, আগামী নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে নাশকতার প্রস্তুতির সময় তাদের আটক করা হয়েছে। সাধারণ মানুষের জানমাল রক্ষা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ‘ডেভিল হান্ট ফেইজ-২’ অভিযান চলমান থাকবে বলে তিনি জানান।