চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পানবোঝাই একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ায় দুই পান ব্যবসায়ী নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ​শনিবার (১৩ ডিসেম্বর) মধ্যরাতে উপজেলাধীন বাঁশবাড়িয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​নিহত দুই ব্যবসায়ী হলেন চট্টগ্রামের পটিয়া উপজেলার হাইদগাঁও এলাকার রমনি মোহন চৌধুরীর ছেলে ​কমল চৌধুরী (৫৩) এবং হাটহাজারী থানার পশ্চিম দেওয়াননগর এলাকার মৃত ননী চৌধুরীর ছেলে ​সমীর চৌধুরী (৫৪)​আহত অন্য ব্যবসায়ীর নাম উজ্জল চৌধুরী।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পটিয়ার হাইদগাঁও ব্রাহ্মণঘাটা থেকে পানবোঝাই পিকআপটি নিয়ে তিন ব্যবসায়ী মিরসরাইয়ের মিঠাচরা বাজারে পান বিক্রি করতে যাচ্ছিলেন। পিকআপটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বাঁশবাড়িয়া ইউনিয়নের উত্তরবাঁশবাড়িয়া এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর উল্টে যায়। ​এতে পিকআপে থাকা কমল চৌধুরী ও সমীর চৌধুরী গুরুতর আহত হন এবং উজ্জল চৌধুরী সামান্য আঘাত পান।

​​দুর্ঘটনার পর পরই স্থানীয় লোকজন গুরুতর আহত দুই ব্যবসায়ীকে দ্রুত উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক কমল চৌধুরী ও সমীর চৌধুরীকে মৃত ঘোষণা করেন।

​বার আউলিয়া হাইওয়ে থানার ইনচার্জ মো. আব্দুল মোমেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়েছিল। স্থানীয়দের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়, কিন্তু দু’জনকে বাঁচানো সম্ভব হয়নি। দুর্ঘটনার পর পিকআপ চালক গাড়ি রেখে পালিয়ে গেছে। পিকআপটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া চলছে।”