চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার বিকেলে লোহাগাড়া উপজেলার বটতলী এলাকায় এই জরিমানা করা হয়।
লোহাগাড়ার সহকারী কমিশনার (ভূমি) মং এছেন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বিএনপি প্রার্থী নাজমুল মোস্তফা আমিন আজ বিকেলে বিশাল মোটরসাইকেল শোডাউন এবং গাড়িবহর নিয়ে নির্বাচনী এলাকায় প্রবেশ করেন। এই শোভাযাত্রাটি নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে ভ্রাম্যমাণ আদালত। শুনানি শেষে আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করে, যা তাৎক্ষণিকভাবে পরিশোধ করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, নির্বাচনী আচরণবিধি অনুযায়ী প্রার্থীদের পক্ষ থেকে কোনো ধরনের শোভাযাত্রা, বৃহৎ গাড়িবহর বা জনদৃষ্টি আকর্ষণকারী প্রদর্শনী সম্পূর্ণভাবে নিষিদ্ধ। এই বিধি অমান্য করার কারণেই প্রার্থীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ইউএনও সাইফুল ইসলাম জানান, নির্বাচনের সুষ্ঠু ও নিরপেক্ষ পরিবেশ বজায় রাখতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। তিনি বলেন, “কোনো প্রার্থী বা তার সমর্থক আচরণবিধি লঙ্ঘন করলে, আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”
নির্বাচন কমিশন যেকোনো ধরনের জনসমাগমমূলক প্রদর্শনী থেকে বিরত থাকতে প্রার্থীদের প্রতি আহ্বান জানালেও, প্রধান রাজনৈতিক দলগুলোর প্রার্থীরা প্রায়শই এই বিধিগুলো উপেক্ষা করছেন।
