খাগড়াছড়ির পানছড়িতে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে তিন ভারতীয় নাগরিককে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা। গতকাল বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যায় পানছড়ি উপজেলার মোহাম্মদপুর এলাকা থেকে পালানোর চেষ্টার সময় তাদের আটক করা হয়।

​যৌথ বাহিনীর সদস্যদের হাতে ​আটকের পর জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ভারতীয় নাগরিক এবং যথাযথ পাসপোর্ট ও ভিসা ছাড়াই বাংলাদেশে প্রবেশের কথা স্বীকার করেছেন। এসময় তাদের কাছ থেকে আধার কার্ড, মোবাইল ফোন এবং নগদ টাকা জব্দ করা হয়।

​মামলার এজাহার সূত্রে জানা যায়, আটককৃত এই তিন ব্যক্তি গত শনিবার (৬ ডিসেম্বর) ভারতের ত্রিপুরা রাজ্যের ধলাই জেলার রইশ্যাবাড়ি থানার চপলিং ছড়ার চোরাপথ ব্যবহার করে দুর্গম খাগড়াছড়ির পানছড়ি উপজেলার রূপসেন পাড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন।

​গতকাল, বুধবার সন্ধ্যায় তারা পানছড়ি সীমান্ত এলাকা দিয়ে আবার ভারতে ফিরে যাওয়ার চেষ্টা করেন। এ সময় যৌথ বাহিনীর একটি চেকপোস্ট দেখে তারা দ্রুত পালানোর চেষ্টা করলে যৌথ বাহিনীর সদস্যরা তাদের ধাওয়া করে মোহাম্মদপুর এলাকা থেকে আটক করতে সক্ষম হন।

​এই ঘটনায় পানছড়ি থানার উপ-পরিদর্শক (এসআই) সেন্ট মিয়া বাদী হয়ে আটককৃতদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে পানছড়ি থানায় একটি মামলা দায়ের করেছেন।

​পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান, “আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ মামলা দায়ের করা হয়েছে। তাদেরকে আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হয়েছে এবং আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হবে।”